নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৬

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১৫ পিএম
শেয়ার করুন:
নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৬

পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং চারটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একই অভিযানে এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ সেপ্টেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক ও গ্রেপ্তার করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) সালিহিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন ‘রিভারভিউ রেস্টুরেন্ট’-এর সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত সাগর বাইন উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, রোববার ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে মাদক সেবনের দায়ে অতুল নগর গ্রামের নগেন বৈদ্ধর ছেলে গোলক বৈদ্ধকে (৪০) আটক করে পুলিশ। পরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

এছাড়া একই রাতে উপজেলার গাওখালী গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন জিআর মামলার চারজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—ওই গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে তপন হালদার, রাজেন্দ্রনাথ হালদারের ছেলে রবীন্দ্রনাথ হালদার এবং নারায়ণ চন্দ্র হালদারের দুই ছেলে রিপন হালদার ও অনুপ হালদার।

অভিযানের বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “মাদকের বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।” 

গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।