নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলচেষ্টার অভিযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৪ পিএম
শেয়ার করুন:
নোয়াখালীতে কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি ও জমি দখলচেষ্টার অভিযোগ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক কেয়ারটেকারের বিরুদ্ধে বসতবাড়ি ও সম্পত্তি জবরদখলের চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নাসির উদ্দিন তরুণের হাত থেকে পৈতৃক ভিটা রক্ষা ও হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ তোলা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মৃত জি. আর. রশিদ আহমেদের ছেলে মো. আসিফ আরেফিন আহমেদ জানান, বেগমগঞ্জের এখলাসপুর মৌজায় জি. আর. রশিদ আহমেদ ও জি. আর. তৌফায়েল আহমেদ মোট ১১৩ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে ছিলেন। জি. আর. রশিদ আহমেদের মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে তার স্ত্রী জোহরা আহমেদ, ছেলে আসিফ আরেফিন আহমেদ এবং তিন কন্যা—শারমিন হোসেন, নাজনীন আহমেদ ও তাজনীম আহমেদ বিধিমোতাবেক নামজারি খতিয়ান সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছিলেন। পরবর্তীতে তারা রেজিস্ট্রি দলিলের মাধ্যমে স্থানীয় আবুল কাশেমের কাছে ৩২ শতাংশ জমি বিক্রি করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বাড়ির কেয়ারটেকার নাসির উদ্দিন তরুণ সম্পত্তিটি নিজের নামে লিখে নেওয়ার জন্য নানা চক্রান্ত শুরু করেছেন। সম্প্রতি পরিবারের সদস্যরা ওই জমির ওপর থাকা তাদের একটি পুরনো ঘর সংস্কার করতে গেলে নাসির উদ্দিন তরুণের নেতৃত্বে একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। 

আসিফ আরেফিন আরও অভিযোগ করেন, সম্পত্তি দখলের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে গত ৩১ আগস্ট একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন কেয়ারটেকার নাসির উদ্দিন তরুণ। সেখানে তিনি ভুক্তভোগী পরিবারকে জড়িয়ে বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালান। 

ভুক্তভোগী পরিবার অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে এবং মিথ্যা তথ্য প্রচার ও হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে। 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য জোহরা আহমেদ, শারমিন হোসেন, নাজনীন আহমেদ এবং জমির অংশীদার আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এদিকে আনীত অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেয়ারটেকার নাসির উদ্দিন তরুণ দাবি করেন, "আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তার কোনোটিই সত্য নয়; এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।