নাজিরপুর প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে বিকৃত ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাংবাদিকদের তীব্র নিন্দা

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৪০ এএম
শেয়ার করুন:
নাজিরপুর প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে বিকৃত ভিডিও ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ, সাংবাদিকদের তীব্র নিন্দা

পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপারের বিরুদ্ধে একটি আংশিক ও বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিক সম্মানহানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি স্বার্থান্বেষী দালাল চক্রের বিরুদ্ধে। ঘটনার মূল প্রেক্ষাপট আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধারণ করা এই ভিডিওটির মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজ ও প্রেসক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

অনুসন্ধান ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি নাজিরপুর উপজেলার চৌঠাইমহল এলাকার একটি বিরিয়ানির দোকানে দুপুরের খাবার খেতে যান সাংবাদিক এস এম সিপার। সেখানে পরিবেশিত খাবারের নিম্নমান নিয়ে কথা বললে দোকান মালিক তাঁর সঙ্গে অসৌজন্যমূলক ও চরম অশালীন আচরণ করেন। এ ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে দোকানে উপস্থিত একটি চক্র কৌশলে কেবল প্রতিবাদের অংশটুকুর ভিডিও গোপনে ধারণ করে।

পরবর্তীতে ঘটনার প্রকৃত সত্য ধামাচাপা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে ভিডিওটি কাটছাঁট (এডিট) করে একাধিক ভুয়া (ফেক) ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

এদিকে একজন পেশাদার সাংবাদিক নেতার বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ অপপ্রচারের ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যৌথ বিবৃতি দিয়েছেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক নাইম হাসান তালুকদার এবং নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদসহ জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, "একটি সংঘবদ্ধ দালাল চক্র ও অসাধু গোষ্ঠী সাংবাদিকদের কণ্ঠ রোধ করতে এবং ব্যক্তিস্বার্থ হাসিলে এই হীন পথ বেছে নিয়েছে। মূল ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এডিটেড ভিডিও ছড়িয়ে সাইবার অপরাধ সংঘটিত করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের চরিত্র হননের এই অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।" নেতৃবৃন্দ অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক এস এম সিপার বলেন, "পুরো বিষয়টি সম্পূর্ণ সাজানো এবং পূর্বপরিকল্পিত। সত্য আড়াল করে আমাকে ব্ল্যাকমেইল ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই ভিডিওটি খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে। এই ষড়যন্ত্রের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।"

উল্লেখ্য, ‘ডেইলি নাজিরপুর’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে দীর্ঘদিন ধরে নাজিরপুরের রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের বিভিন্ন সদস্যকে জড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ও ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। স্থানীয় সচেতন মহল এই চক্রটিকে দ্রুত চিহ্নিত করে সাইবার আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।