নগরকান্দায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ: চাকরিজীবী একাদশকে হারিয়ে আমজনতার জয়

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১২ এএম
শেয়ার করুন:
নগরকান্দায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ: চাকরিজীবী একাদশকে হারিয়ে আমজনতার জয়

কিশোর, তরুণ ও যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে ফরিদপুরের নগরকান্দায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই আকর্ষণীয় ম্যাচে চাকরিজীবী একাদশকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ‘আমজনতা একাদশ’।

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যে এ ব্যতিক্রমী ফুটবল ম্যাচের উদ্যোগ নেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রাঙ্গাল গ্রামের কৃতী সন্তান ইয়াকুব আলী। শুক্রবার বিকেলে ম্যাচটি দেখতে বিলগোবিন্দপুর মাঠ প্রাঙ্গণে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শকের সমাগম ঘটে। মাঠজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মাতুব্বর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঙ্গী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রহিজউদ্দীন চোকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারা, বিএনপি নেতা জহিরউদ্দিন চোকদার লুলু, সরদার সাব্বির, দিশান শেখ ফয়সাল এবং আমজনতা একাদশের টিম ম্যানেজার ও বিএনপি নেতা খায়রুজ্জামান মোল্লা টিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদকের সর্বনাশা পথ থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করে একটি মাদকমুক্ত ও আদর্শ সমাজ গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।