'রাজনীতি আমার কাছে মানবসেবা ও ইবাদত’: জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধিঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৭ এএম
শেয়ার করুন:
'রাজনীতি আমার কাছে মানবসেবা ও ইবাদত’: জহির উদ্দিন স্বপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেন, “রাজনীতি আমার কাছে একটি ইবাদত। মহান আল্লাহ তায়ালা আমাদের সবার আয়ু ক্ষণস্থায়ী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আমাদের দায়িত্ব হলো—এই সংক্ষিপ্ত জীবনকে পরিবার, দেশ, সমাজ এবং মহান আল্লাহর সৃষ্টির কল্যাণে নিয়োজিত করা। মানুষের সেবা করা ও আল্লাহর সৃষ্টির কল্যাণে কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।”

তিনি তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, “বিএনপিকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত দল হিসেবে গড়ে তুলতে তৃণমূলের ভূমিকা অপরিসীম। জনগণের পাশে দাঁড়িয়ে তাদের কথা শুনতে হবে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলকে এগিয়ে নিতে হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধার করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তাই সকল বিভেদ ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।”

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলমের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল। তিনি বলেন, “তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল চালিকাশক্তি। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে দলকে আরও বেশি সুসংগঠিত ও সক্রিয় করতে হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বদিউজ্জামান মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম খান সেন্টু এবং গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু।

গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম খলিফা ও জাকির হোসেন রাজার যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।