আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৬ এএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বরের খেলার মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম রায়হানুর রহমান।

উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। দিনব্যাপী আয়োজনে সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে। প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দক্ষতা, শৃঙ্খলা এবং জয়ের প্রত্যয় ছিল চোখে পড়ার মতো। এ সময় শিক্ষক ও সহপাঠীদের করতালিতে পুরো মাঠজুড়ে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত রাখা জরুরি। নিয়মিত ক্রীড়াচর্চার মধ্য দিয়েই শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত হয় এবং তারা আত্মবিশ্বাসী সুনাগরিক হিসেবে গড়ে ওঠে।”

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।