প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

অনলাইন ডেস্কঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৫ পিএম
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

আজ ৩ সেপ্টেম্বর, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস। ২০০৮ সালের এই দিনে তৎকালীন ১/১১-এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দীর্ঘ ১৮ মাসের বন্দিদশা ও আইনি প্রক্রিয়া শেষে জামিনে মুক্তি লাভ করেন তিনি। দিবসটি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন।

রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনায় দেখা যায়, ২০০৭ সালের সেনা সমর্থিত জরুরি তত্ত্বাবধায়ক সরকারের সময় ৭ মার্চ ভোররাতে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে টানা ১৮ মাস (৫৫৪ দিন) তিনি কারাবন্দি থাকেন। 

কারাগারে রিমান্ডের নামে তাঁর ওপর চালানো হয় চরম অমানবিক নির্যাতন। একপর্যায়ে তিনি মারাত্মক শারীরিক জটিলতায় পড়েন এবং তাঁর মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়। মুমূর্ষু অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য রাজধানীর তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়।

দীর্ঘ আইনি লড়াই শেষে সব মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হন। 

কারামুক্তির পর উচ্চ আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। তাঁর সঙ্গে যান সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমান। চিকিৎসাজনিত কারণে এরপর থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ প্রবাস জীবন। 

কারাবন্দি জীবনের অবসান ও মুক্তির সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দিনটিকে বিশেষ মর্যাদায় ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।