এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কার্যালয়ের দেয়ালে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন নাগরিক সেবা চার্টার (সিটিজেন চার্টার)। যেখানে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার তরুণ-তরুণীদের কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সহজ শর্তে ঋণ সহায়তার নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। কিন্তু সবই যেন কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে এসব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বান্দরবানের দুর্গম থানচি উপজেলার পাহাড়ি যুবসমাজ।
১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ ২৯ বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ জনবল পায়নি থানচি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। তীব্র জনবল সংকটের কারণে বর্তমানে মাত্র একজন সহকারী কর্মকর্তা দিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গুরুত্বপূর্ণ এই সরকারি দপ্তরের সব দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রম। ফলে প্রত্যন্ত অঞ্চলের তরুণদের দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার পথ অনেকটাই থমকে গেছে।
উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, দপ্তরটিতে কর্মকর্তা ও কর্মচারীর অনুমোদিত পদ রয়েছে মোট ৭টি। এর মধ্যে প্রধান পদ ‘উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ পদটি দীর্ঘদিন ধরে নিয়মিত কর্মকর্তা ছাড়াই চলছে; সম্প্রতি অন্য উপজেলা থেকে একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া অফিস সহকারী ৩টি পদের মধ্যে ২টি এবং ক্রেডিট সুপারভাইজারসহ কর্মচারীর বাকি ৩টি পদই সম্পূর্ণ শূন্য। অর্থাৎ সাতটি পদের বিপরীতে বর্তমানে মাত্র একজন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা দিয়ে কোনোমতে কাজ চালানো হচ্ছে।
গত বুধবার (০২ সেপ্টেম্বর) সরেজমিনে কার্যালয়ে গিয়ে দেখা যায়, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক একাই দপ্তরের সব কাজ সামলাচ্ছেন। তিনি জানান, ২০২০ সাল থেকে বিগত ৬ বছর ধরে তিনি কার্যত একাই এই দপ্তর পরিচালনা করে আসছেন।
এদিকে গত ৩১ আগস্ট উপজেলা মাসিক সমন্বয় সভায় জানা যায়, আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল রহমানকে থানচির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, ভৌগোলিক দূরত্ব ও যাতায়াতের দুর্গমতার কারণে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়মিত থানচিতে উপস্থিত থাকতে পারেন না।
স্থানীয় তরুণ-তরুণীদের অভিযোগ, জনবল সংকটের কারণে থানচিতে যুব উন্নয়নের প্রশিক্ষণের সুযোগ অত্যন্ত সীমিত। ঋণের আবেদন বা পরামর্শ নিতে এসেও পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে।
উপজেলার দুর্গম বড় মদক এলাকার বাসিন্দা ও স্নাতকোত্তর সম্পন্ন করা উশৈসিং মারমা ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুর্গম পাহাড় পাড়ি দিয়ে দীর্ঘ পথ পেরিয়ে অফিসে এসে প্রায়ই কর্মকর্তাকে পাওয়া যায় না। দেয়ালে সুন্দর সুন্দর সেবার তালিকা ঝুলিয়ে রাখা হলেও বাস্তবে আমরা কাঙ্ক্ষিত কোনো সেবা পাচ্ছি না। দ্রুত জনবল নিয়োগ দেওয়া না হলে পাহাড়ি বেকার যুবকদের মধ্যে হতাশা আরও বাড়বে।”
একই অভিযোগ করেন স্থানীয় তরুণী দিপিকা ত্রিপুরা। তিনি বলেন, “যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে কিছু একটা করার স্বপ্ন ছিল। কিন্তু অফিসে এসে দেখি মাত্র একজন কর্মকর্তা। তিনি দাপ্তরিক ফাইলের কাজ সামলাবেন, নাকি আমাদের প্রশিক্ষণ বা ঋণের বিষয়ে সহযোগিতা করবেন? শুধু দেয়ালে চার্টার টাঙিয়ে রাখলে তো আর বেকারত্ব দূর হবে না, সেবার বাস্তবায়ন দরকার।”
এ বিষয়ে জানতে চাইলে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, “আমি একা হওয়ার পরও যথাসম্ভব কার্যক্রম সচল রাখার চেষ্টা করছি। তবে দপ্তরের বিভিন্ন তথ্য বা পরিসংখ্যান তথ্য অধিকার আইনে দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিধিনিষেধ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কাছ থেকে নেওয়া যেতে পারে।”
মুঠোফোনে যোগাযোগ করা হলে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তা ও আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল রহমান বলেন, “আমি আলীকদমে যোগ দিয়েছি মাত্র দুই মাস হলো, আর থানচির অতিরিক্ত দায়িত্ব পেয়েছি মাত্র কয়েক দিন আগে। সাংবাদিকদের তথ্য দেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো দাপ্তরিক নিষেধাজ্ঞা নেই। আলীকদমে একটি পূর্বনির্ধারিত এনজিও সভা থাকায় থানচিতে সময় দেওয়া সম্ভব হয়নি। আগামী ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে যুব ঋণ বিতরণের জন্য থানচি যাব। তখন সাংবাদিকদের সঙ্গে কথা হবে এবং প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী যুবসমাজের দাবি—শুধুমাত্র কাগুজে চার্টার ঝুলিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। থানচির মতো অনগ্রসর ও দুর্গম পাহাড়ি অঞ্চলের তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে দ্রুত শূন্য পদগুলোতে পূর্ণাঙ্গ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দিতে হবে। একই সঙ্গে বন্ধ থাকা যুব ক্লাবগুলো সচল করা এবং প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ বিতরণ জোরদার করতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।