অবসরপ্রাপ্ত শিক্ষকদের গভর্নিং বডির সভাপতি করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্কঃ
Apr 12, 2026 - 15:56
অবসরপ্রাপ্ত শিক্ষকদের গভর্নিং বডির সভাপতি করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে স্কুল, কলেজ ও মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার কথা ভাবছে সরকার। রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে আয়োজিত ঢাকা অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে এই সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে একটি বিশেষ কমিশন গঠন করা যেতে পারে। সেই কমিশনের সুপারিশের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি নির্বাচন করা হলে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন আছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। অনেক সময় শিক্ষকরা যথাযথ পাঠদান না করায় অভিভাবকরা সন্তানদের কোচিং সেন্টারে পাঠাতে বাধ্য হন, যা কাম্য নয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

লটারি পদ্ধতি নিয়ে সমালোচনা
স্কুলে ভর্তির ক্ষেত্রে প্রচলিত লটারি পদ্ধতির সমালোচনা করে ড. এহছানুল হক মিলন বলেন, ‘লটারি পদ্ধতি কখনোই একজন শিক্ষার্থীর প্রকৃত মেধার মূল্যায়ন করতে পারে না। এছাড়া এটি ধনী-গরিবের বৈষম্য নিরসনেও কার্যকর নয়। লটারির স্বচ্ছতা নিয়েও প্রায়শই প্রশ্ন ওঠে, যা যোগ্যতার মূল্যায়নে বাধা হয়ে দাঁড়ায়।’

শিক্ষামন্ত্রী স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের আস্থার অভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, সব এলাকায় ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠান থাকা সত্ত্বেও অভিভাবকরা কেন তাদের সন্তানদের দূরের স্কুলে পাঠাতে আগ্রহী হন এবং এতে শিক্ষকদের ভূমিকা কতটুকু— তা ভেবে দেখা প্রয়োজন।

উল্লেখ্য, আসন্ন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং শিক্ষাব্যবস্থায় সুশাসন ফেরাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। এই মতবিনিময় সভায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow