শাহজালালের থার্ড টার্মিনালে ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

মোঃ রহমতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৯ এএম
শেয়ার করুন:
শাহজালালের থার্ড টার্মিনালে ফ্লাইওভার থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

সোমবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিমানবাহিনীর সদস্যরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।  
এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন—করপোরাল আবু সাঈদ (সিফাত), করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমানবাহিনীর সদস্যরা থার্ড টার্মিনাল এলাকায় নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের বহনকারী পিকআপ ভ্যানটি টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে গাড়িটি দ্বিতীয় তলার ফ্লাইওভারের ওপর থেকে নিচে ছিটকে পড়ে যায়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন সদস্যের মৃত্যু হয়। 

দুর্ঘটনার পরপরই তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে এবং নিহতদের মরদেহ পরবর্তী আনুষ্ঠানিকতার জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।