কবিরহাটে রাতের আঁধারে সাবেক অতিরিক্ত সচিবের জমি দখলের অভিযোগ

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালিঃ
৩০ আগস্ট, ২০২৬ ২:৪১ পিএম
শেয়ার করুন:
কবিরহাটে রাতের আঁধারে সাবেক অতিরিক্ত সচিবের জমি দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. ইসমাঈল হোসেনের কেনা জমি রাতের আঁধারে জবরদখল করার অভিযোগ উঠেছে। 

গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি মৌজার ২৮৫১ নম্বর হালদাগের জমিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাবেক অতিরিক্ত সচিব মো. ইসমাঈল হোসেন অভিযোগ করে জানান, উপদ্দি লামছি মৌজায় তাঁর ক্রয়কৃত বেশ কিছু জমি রয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় এ কে এম জায়েদুল হক জাবেদ ও তাঁর লোকজন ওই জায়গার পুরোনো সীমানাপ্রাচীর ভেঙে প্রায় এক ডেসিমেল জমি দখল করে নেন। পরে রাতেই সেখানে নতুন সীমানাপ্রাচীর নির্মাণ করে জায়গাটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, “ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে জাবেদ ও তাঁর লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া আমি বা আমার লোকজন জমিতে গেলে শিক্ষক পরিচয়ধারী এক নারী অশালীন ভাষায় গালিগালাজ করেন।”

তবে জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন এ কে এম জায়েদুল হক জাবেদ। তিনি বলেন, “জায়গাটি আমাদের পৈতৃক সম্পত্তি। সাবেক সরকারি কর্মকর্তা ইসমাঈল হোসেন সেখানে কিছু জমি কিনেছেন ঠিকই, তবে ঠিক কতটুকু কিনেছেন তা কাউকে স্পষ্ট করেননি।”

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, “মৌখিক অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষ স্থানীয়ভাবে বসে মীমাংসার চেষ্টা করছে বলে জানা গেছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।