চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: দ্রুত ১৫১ শয্যায় উন্নীতের আশ্বাস

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
৩০ আগস্ট, ২০২৬ ২:৩৩ পিএম
শেয়ার করুন:
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: দ্রুত ১৫১ শয্যায় উন্নীতের আশ্বাস

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। এ সময় তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটিকে দ্রুত ১৫১ শয্যায় উন্নীত করার দৃঢ় আশ্বাস দেন।

রোববার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব ও ওষুধ বিতরণ কেন্দ্র ঘুরে দেখেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং রোগীরা নিয়মিত সরকারি ওষুধ ও যথাযথ সেবা পাচ্ছেন কি না—তা সরাসরি রোগীদের কাছ থেকে জেনে নেন। একই সঙ্গে তিনি চিকিৎসক-নার্সদের উপস্থিতি ও প্রয়োজনীয় ওষুধের মজুত পরিস্থিতি খতিয়ে দেখেন।

পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন স্বাস্থ্যমন্ত্রী। সভায় সংশ্লিষ্টরা হাসপাতালের জনবল সংকট, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার বিষয় তুলে ধরেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা বরদাশত করা হবে না।

পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার। চরভদ্রাসনের মানুষের ক্রমবর্ধমান চিকিৎসাসেবার চাহিদা বিবেচনা করে অতি দ্রুত এই হাসপাতালটিকে ১৫১ শয্যায় উন্নীত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।” পাশাপাশি চিকিৎসক সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে দায়িত্ব পালনে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিতির দায়ে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী রিনা আক্তারকে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী সদরপুর উপজেলায় বদলির নির্দেশ দেন মন্ত্রী। তবে হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।