ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্কঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫৪ পিএম
শেয়ার করুন:
ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

দিনাজপুরের কাহারোলে অবস্থিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী এই মন্দির প্রাঙ্গণে পৌঁছান। 

মন্দিরে আগমন উপলক্ষে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণীকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রদূত মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং বিশেষ আরতি অনুষ্ঠানে অংশ নেন।

পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন কান্তজিউ মন্দিরের প্রাচীরজুড়ে থাকা নান্দনিক ও প্রাচীন টেরাকোটার কারুকাজ ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা তাঁকে মন্দিরটির ইতিহাস, অনন্য স্থাপত্যশৈলী ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবগত করেন। মন্দিরের চমৎকার নির্মাণশৈলী ও সমৃদ্ধ কারুকাজের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রদূত।

কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে তিনি নিকটবর্তী ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শনে যান। সেখানেও তিনি প্রাচীন এই ধর্মীয় স্থাপত্য ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক পটভূমি ও চমৎকার কারুকার্যের প্রশংসা করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিংহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।