আত্রাইয়ে বাল্যবিয়ে পণ্ড: প্রশাসনের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের চেষ্টা, বরসহ গ্রেপ্তার ৩

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
২৯ আগস্ট, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে বাল্যবিয়ে পণ্ড: প্রশাসনের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের চেষ্টা, বরসহ গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রীর (১২) বাল্যবিয়ে পণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযান শেষে ফেরার পথে সরকারি কাজে বাধা, পুলিশ ও প্রশাসনিক কর্মচারীদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত বরসহ তিনজনকে গ্রেপ্তার করে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বিশা ইউনিয়নের সমাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সমাসপাড়া গ্রামে ১২ বছর বয়সী এক মাদ্রাসা/স্কুলছাত্রীর বাল্যবিয়ে অনুষ্ঠিত হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে বাল্যবিয়েটি বন্ধ করে এবং অভিযুক্ত বর আল-আমিনকে আটক করে।

অভিযান শেষে বরকে নিয়ে ফেরার পথে বরের স্বজনসহ স্থানীয় ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল সরকারি গাড়ি আটকে দেয়। এ সময় তারা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর আল-আমিনসহ তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে বরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, “বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। আইন অমান্য করে বাল্যবিয়ে আয়োজন এবং সরকারি কাজে বাধা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় বাল্যবিয়ের চেষ্টা এবং সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মো. মুন্নাফ, রাব্বি, ইউনুস ও সজলসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে আত্রাই থানায় একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।