বাসাবাড়ির কাজ নিয়ে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল নিখোঁজ ৩ স্কুলছাত্রী

অনলাইন ডেস্কঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৩:০৭ পিএম
শেয়ার করুন:
বাসাবাড়ির কাজ নিয়ে চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল নিখোঁজ ৩ স্কুলছাত্রী

বান্দরবানের লামা উপজেলা থেকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তিন স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকার দুটি পৃথক বাসাবাড়ি থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন—ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা সবাই স্থানীয় ইয়াংছা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় ওই তিন ছাত্রী। এরপর আর তারা বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে লামা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

ঘটনার তদন্তে নেমে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় যে, নিখোঁজ হওয়ার পর তাদের সর্বশেষ অবস্থান ছিল পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায়। এর মধ্যেই গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে একটি অজ্ঞাত নম্বর থেকে বস্তাবন্দি মানুষের নড়াচড়ার ভিডিও পাঠিয়ে পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজদের সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসায় অভিযান পরিচালনা করে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে। 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, “তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মূলত তারা গৃহপরিচারিকার কাজ করার উদ্দেশে চট্টগ্রামের ওই বাসাবাড়িগুলোতে আশ্রয় নিয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।