নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাসে বিজিবির অভিযান: ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৫ অক্টোবর, ২০২৬ ১:০৩ পিএম
শেয়ার করুন:
নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাসে বিজিবির অভিযান: ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে ৬৪০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নীতপুর বিওপির আওতাধীন কাপালির মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির নাম মনিরুল ইসলাম (২৮)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজিবি সূত্র জানায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল কাপালির মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী ‘সোনারতরী’ নামের একটি যাত্রীবাহী বাসে সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে মনিরুল ইসলামের কাছ থেকে অবৈধ ৬৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।

১৬ বিজিবি কর্তৃপক্ষ জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পোরশা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে উদ্ধারকৃত মাদকসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার, মাদক ও গরু পাচার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘অল-আউট’ (সর্বাত্মক) অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।