আলফাডাঙ্গা পৌরসভায় নতুন স্বপ্নের ডাক, মেয়র পদে লড়তে চান হাসিবুল হাসান হাসিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই আলফাডাঙ্গা পৌরসভা জুড়ে শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে চায়ের টেবিল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই সরগরম পরিবেশ। ঠিক এমন সময় মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
রবিবার (১ মার্চ) দুপুরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি দৃঢ় কণ্ঠে জানান, আলফাডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান তিনি।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ২০০০ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে দলের দুর্দিনে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নেন এবং একাধিক মামলার মুখোমুখিও হন।রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হাসিবুল হাসান হাসিব মনে করেন, প্রশাসনিক স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন ও জনসম্পৃক্ত উদ্যোগই পারে একটি পৌরসভাকে এগিয়ে নিতে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে বিশ্বাসী এই নেতা বলেন, বহুদলীয় গণতন্ত্র, জবাবদিহিতা ও জনকল্যাণই তার রাজনৈতিক চেতনার মূলভিত্তি।
তার প্রার্থী হওয়ার ঘোষণায় পৌর এলাকার তরুণ প্রজন্ম ও সাধারণ নাগরিকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, শিক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও দক্ষ সংগঠক হিসেবে তিনি গ্রহণযোগ্য নেতৃত্ব দিতে সক্ষম হতে পারেন।
হাসিবুল হাসান হাসিব বলেন, সঠিক পরিকল্পনা ও জবাবদিহিতার মাধ্যমে আলফাডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক ও দৃষ্টান্তমূলক মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এই জনপদে সন্ত্রাস ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে চাই। নাগরিক অধিকার নিশ্চিত করে একটি নিরাপদ, বাসযোগ্য ও উন্নয়নমুখী পৌরসভা গঠনই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আসন্ন নির্বাচনে পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সমর্থন কামনা করেছেন।
আলফাডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে এখন নতুন এক সমীকরণের সূচনা হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে। এবারের লড়াই শুধু পদ পদবির নয়, বরং উন্নয়ন, সুশাসন ও নাগরিক সেবার মান উন্নয়নের প্রতিশ্রুতির লড়াই। সময়ই বলে দেবে জনআকাঙ্ক্ষার এই ঢেউ শেষ পর্যন্ত কার পক্ষে গিয়ে ভিড়ে,তবে এটুকু নিশ্চিত, আলফাডাঙ্গা পৌরসভাকে ঘিরে নতুন স্বপ্নের যে আলো জ্বলেছে, তা আগামী দিনের রাজনীতিকে আরও প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে।
What's Your Reaction?
কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ