ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১২ অক্টোবর, ২০২৬ ৩:২৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মেহেদী হাসান এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতির্ময় চৌধুরীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ জাতি গঠনে কন্যাশিশুদের উপযুক্ত শিক্ষা ও সুরক্ষার বিকল্প নেই। এ লক্ষ্যে কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, শিক্ষার সমান সুযোগ সৃষ্টি এবং সমাজে বিরাজমান বৈষম্য দূর করতে হবে। 

বক্তারা আরও বলেন, কন্যাশিশুদের ওপর কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ গ্রহণযোগ্য নয়। তাদের স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ গড়তে বাল্যবিবাহ একটি বড় অন্তরায়; তাই যেকোনো মূল্যে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। একই সঙ্গে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে কন্যাশিশুর জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিতে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।