সব পাপ ধুয়ে মুছে ফেলতে চাই: পপি

অনলাইন ডেস্কঃ
৩১ আগস্ট, ২০২৬ ১:৪১ পিএম
শেয়ার করুন:
সব পাপ ধুয়ে মুছে ফেলতে চাই: পপি

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও ব্যস্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল সিনেমা উপহার দিয়ে সিনেপ্রেমীদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে বেশ কয়েক বছর ধরেই রূপালি পর্দা থেকে দূরে রয়েছেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। এবার তিনি স্পষ্ট করলেন, চলচ্চিত্রের ঝলমলে জীবনে আর ফেরার কোনো ইচ্ছা তার নেই; জীবনের বাকি সময়টা ধর্ম-কর্ম ও শান্তির পথেই কাটাতে চান।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান জীবন, ভবিষ্যৎ ভাবনা ও মানসিক পরিবর্তনের কথা অকপটে প্রকাশ করেন পপি। 

চলচ্চিত্রে ফেরা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে পপি বলেন,  
“সুন্দরভাবে বাঁচতে চাই, আল্লাহ-খোদার নাম নিতে চাই। জীবনে যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়ে-মুছে সুন্দরভাবে মরতে চাই। চলচ্চিত্রের ঝলমলে জীবন থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিতে চাই।”

এর আগে বিভিন্ন সময়ে ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয়ে ফেরার সম্ভাবনার কথা জানালেও, তার সাম্প্রতিক এই বক্তব্যে স্পষ্ট যে অভিনয়জগতে ফেরা নিয়ে তার আর কোনো আগ্রহ নেই। এখন পারিবারিক জীবন ও ধর্মীয় অনুশাসন মেনে চলাই তার মূল অগ্রাধিকার।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে পপির। এরপর দীর্ঘ ক্যারিয়ারে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বর্তমানে তিনি সংসার ও একমাত্র পুত্রসন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।