রোয়াংছড়িতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
২৪ এপ্রিল, ২০২৫ ১১:৩০ এএম
শেয়ার করুন:
রোয়াংছড়িতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার কাইন্তারমুখ পাড়ায় ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে ইকবাল মিয়া (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল মিয়া কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের জয়নগর মিয়াজি বাড়ির মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাইন্তারমুখ এলাকার একটি জমিতে হাল চাষের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন ইকবাল। এ সময় উঁচু পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে যায় এবং কয়েকবার উল্টে একটি পাহাড়ি পুকুরে পড়ে। পরে পানির নিচে ট্রাক্টরের চাপায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক মোহাম্মদ ওয়াহিদ চৌধুরী জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ইকবাল মিয়ার মৃত্যু হয়েছিল।

এ দুর্ঘটনায় জমির মালিকও আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।