এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর গ্রামে খড়ের পালায় আগুন দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদের সমর্থক এনায়েত মাতুব্বর এবং উপজেলা বিএনপি নেতা খায়রুজ্জামানের সমর্থক লুকমান শিকদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি অন্যের জমিতে খড়ের পালা তৈরি করা এবং পরবর্তীতে সেই খড়ের পালায় আগুন দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের ব্যবহার করে।
সংঘর্ষে আহতদের মধ্যে এনায়েত মাতুব্বর পক্ষের মিজানুর মাতুব্বর (৪১), দাউদ মাতুব্বর (৩০) ও রিলি বেগম (৪৯)-কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে লুকমান শিকদার পক্ষের দেলোয়ার শিকদার (৬০), হাবিবুর শিকদার (৩৫), রিপন শিকদার (৩৬), জরিপ শিকদার (৩২), শাকিব শিকদার (১৭) ও নাসির শিকদার (১৮) আহত হয়েছেন। তারা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে নগরকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।