বোয়ালমারীতে দাদাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৫:৪৪ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে দাদাকে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ছোলনা পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আবিদ শেখ ওই এলাকার হাসেম শেখের নাতি এবং সৌদি প্রবাসী কামাল শেখের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দাদার সঙ্গে ছোলনা এলাকার সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল শেষে বাড়ি ফেরে আবিদ। কিছুক্ষণ পর বাড়িতে দাদাকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে সে পুনরায় ওই পুকুরপাড়ে যায়। সেখানে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। 

কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়ার সময় কুশাডাঙ্গা গ্রামের বাসিন্দা আলতাব হোসেন শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। তিনি দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। পরে বোয়ালমারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও পৌর কমিশনার মমিন খানসহ স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে শিশুটিকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা কামাল শেখ দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। আবিদসহ তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ-বিন মেহের বলেন, “বেলা ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।