সালথায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ নারীকে স্বাবলম্বী করার প্রত্যয়ে সেলাই প্রশিক্ষণ শুরু

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৭ অক্টোবর, ২০২৬ ১০:৪২ এএম
শেয়ার করুন:
সালথায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ২০ নারীকে স্বাবলম্বী করার প্রত্যয়ে সেলাই প্রশিক্ষণ শুরু

নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সেলাই প্রশিক্ষণ শুরু করেছেন ফরিদপুরের সালথা উপজেলার ২০ জন অসচ্ছল নারী। তাঁদের দক্ষ ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তিন মাসব্যাপী এ সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর তাঁদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য শুভসংঘের পক্ষ থেকে বিনামূল্যে সেলাই মেশিনও প্রদান করা হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে সালথা উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। স্থানীয় পিছিয়ে পড়া নারীদের কর্মমুখী দক্ষতায় পারদর্শী করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

বসুন্ধরা শুভসংঘের সালথা উপজেলা শাখা ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মুহাঃ ছরোয়ার হোসেন এবং বসুন্ধরা শুভসংঘের ফরিদপুর জেলা সভাপতি তন্ময় রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাঈনুল ইসলাম, প্রশিক্ষক ইমি সুলতানা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং প্রশিক্ষণার্থী নারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তুলতে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সেলাই কাজের মাধ্যমে নারীরা ঘরে বসেই উপার্জনের পথ তৈরি করতে পারেন, যা তাঁদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সংসারে সচ্ছলতা ফেরাবে। বক্তারা প্রশিক্ষণার্থীদের নিয়মিত ও একাগ্রচিত্তে কাজ শিখে বাস্তব জীবনে এই দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানান।

আয়োজকেরা জানান, তিন মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে এই ২০ নারীকে পোশাক তৈরিসহ সেলাইয়ের বিভিন্ন কাজে দক্ষ করে তোলা হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হবে, যাতে তাঁরা তাৎক্ষণিকভাবে আয়মুখী কর্মকাণ্ড শুরু করতে পারেন। 

স্থানীয় সচেতন মহল মনে করছে, নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি ও স্বনির্ভর সমাজ গঠনে বসুন্ধরা শুভসংঘের এই মানবিক উদ্যোগ এলাকায় ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।