আলফাডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৫:৪০ পিএম
শেয়ার করুন:
আলফাডাঙ্গায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর কড়া পুলিশ পাহারায় দণ্ডপ্রাপ্ত আকিদুলকে জেলা কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে স্থানীয় নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। আগের দিনের বৃষ্টিতে স্কুলের রাস্তায় পানি ও কাদা জমে থাকায় আকিদুল শিশুটিকে রাস্তা পার করে দেওয়ার প্রলোভন দেখায়। পরে সে ওই শিক্ষার্থীকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় শিশুটি বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষকেরা তার অবস্থা দেখে আঁতকে ওঠেন। পরে শিশুটির কাছ থেকে বিস্তারিত জেনে তারা পরিবারের লোকজনকে খবর দেন। স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পরদিন (২১ জুন) শিশুটির বাবা বাদী হয়ে আকিদুল শেখকে একমাত্র আসামি করে আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয়। পরবর্তীতে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া জানান, আদালত উপযুক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ সন্তুষ্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।