নগরকান্দায় অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে বিদায় জানালেন শিক্ষার্থীরা

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
৩১ আগস্ট, ২০২৬ ৩:৫৫ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় অশ্রুসিক্ত নয়নে প্রধান শিক্ষক ও অফিস সহকারীকে বিদায় জানালেন শিক্ষার্থীরা

ফরিদপুরের নগরকান্দায় ঐতিহ্যবাহী সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়া ও অফিস সহকারী বুদ্ধেশ্বরকে এক আবেগঘন পরিবেশে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ ১৬ বছর একই প্রতিষ্ঠানে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন শেষে সোমবার (৩১ আগস্ট) অশ্রুসিক্ত নয়নে প্রিয় শিক্ষককে বিদায় জানান বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার সকালে বিদ্যালয়ের সেমিনার কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মিয়া, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, শফিকুল ইসলাম মন্টু, আবু নাছির, শফিকুল খান জনি, ফয়সালসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা।

অনুষ্ঠান সূত্রে জানা গেছে, মো. বেলায়েত হোসেন মিয়া (বি.এ., এম.এড.) ২০১০ সালের ১৫ মার্চ থেকে ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মকালেই ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি জাতীয়করণ (সরকারি) করা হয়।

বিদ্যালয়টির ইতিহাস সংক্ষেপে তুলে ধরে জানা যায়, ১৯১৬ সালে স্থানীয় দানবীর বাবু মহেন্দ্র নারায়ণের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ পথ পরিক্রমায় ২০১৮ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির নাম ছিল ‘এম. এন. একাডেমি’। পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় নেওয়ার পর এর নামকরণ করা হয় ‘সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি’। নগরকান্দা উপজেলার একমাত্র মাধ্যমিক সরকারি বিদ্যালয় হিসেবে বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়ার দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন। স্মৃতি তর্পণ ও বক্তব্য প্রদানের একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীরা চরম আবেগাপ্লুত হয়ে পড়েন। মিলনায়তনে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশ; অশ্রুসিক্ত নয়নে তাঁরা প্রিয় শিক্ষকের বিদায়লগ্নে ভালোবাসা ও শ্রদ্ধা জানান।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রধান শিক্ষককে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারকসহ নানা উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

বিদায়ী প্রধান শিক্ষক মো. বেলায়েত হোসেন মিয়া তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি দীর্ঘ ১৬ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতি স্মরণ করে বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও উপজেলার সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক সমৃদ্ধি কামনা করেন।

এদিকে তাঁর অবসরে যাওয়ার পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ. কে. এম. মো. মোজাহিদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।