এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
নওগাঁয় চলন্ত বাসের লাগেজ বক্সের ঢাকনা (ব্যাগডালা) হঠাৎ খুলে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় সজোরে আঘাত করেছে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে নওসাদ (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অটোরিকশায় থাকা আরও দুই শিশু।
মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন তুলশীগঙ্গা সেতু মোড়ে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নওসাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে। আহত দুই শিশুকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে 'শাহ সুলতান' পরিবহনের একটি এসি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি তুলশীগঙ্গা সেতু মোড় এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় অসাবধানতাবশত এর বক্সের ঢাকনাটি (ব্যাগডালা) খুলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সামনের অংশে ঢাকনাটির সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী নওসাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এদিকে, মর্মান্তিক এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর প্রায় দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"