ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত হোসেন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১৬ অক্টোবর, ২০২৬ ৯:০১ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিয়াকত হোসেন স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফরিদপুর মুসলিম মিশনের অন্যতম উদ্যোক্তা প্রয়াত সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ‘সাংবাদিক লিয়াকত হোসেন স্মরণে আমাদের শ্রদ্ধা’ শীর্ষক এই সভার আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদিউজ্জামান চৌধুরী। প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় এতে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন ক্লাবের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, অধ্যাপক এ বি এম সাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আব্দুস সামাদ, অধ্যাপক মো. শাহজাহান, সাংবাদিক পান্নাবালা, মরহুমের ছেলে সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি ও সাব্বির হোসেন মুন, ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল এবং ব্লাস্টের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী। 

স্মরণসভায় বক্তারা মরহুম লিয়াকত হোসেনের জীবন, কর্ম ও সাংবাদিকতায় তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ফরিদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফরিদপুর মুসলিম মিশন গড়ে তুলতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তাঁর এই অবদান ফরিদপুরের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। 

বক্তারা আরও উল্লেখ করেন, লিয়াকত হোসেন ছিলেন একজন সৎ, নির্ভীক ও আদর্শ সাংবাদিক। তিনি সাংবাদিকতাকে শুধু একটি পেশা হিসেবে গ্রহণ করেননি; বরং সত্য, ন্যায় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার মহান দায়িত্ব হিসেবে লালন করেছেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও নীতিবোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। তরুণ সাংবাদিকদের মরহুমের জীবনাদর্শ ধারণ করে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, অধ্যাপক লিয়াকত হিমু, মরহুমের পরিবারের সদস্য সুফিয়া ইয়াসমিন, বিলকিস বানু, খুশি খন্দকার, রুবিয়া মিল্লাত, শাহনাজ বেগম লিপি, ফরিদা বেগম, নাজনীন আকতারসহ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক লিয়াকত হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।