নগরকান্দায় ৬৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, তিনটিতে বিশেষ নজরদারি

স্টাফ রিপোর্টারঃ
১৬ অক্টোবর, ২০২৬ ৮:৫৭ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় ৬৩টি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, তিনটিতে বিশেষ নজরদারি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ৬৩টি পূজামণ্ডপ। এর মধ্যে তিনটি মণ্ডপকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা জোরদারে বিশেষ নজরদারির পরিকল্পনা নিয়েছে প্রশাসন ও পুলিশ। সার্বজনীন ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব আয়োজনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্‌যাপন পরিষদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) মহাপঞ্চমীর মধ্য দিয়ে উপজেলায় দেবীর বোধনের আমেজ ছড়িয়ে পড়েছে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই আনন্দযজ্ঞের। শেষ মুহূর্তে মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা ও প্রতিমার চূড়ান্ত রূপ দেওয়ার কাজ। একই সঙ্গে পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে চলছে নিবিড় তদারকি।

প্রশাসনের তথ্যমতে, অধিক জনসমাগম ও ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় নগরকান্দা পৌরসভার চৌমুখা, পুরাপাড়া বাজার এবং চরযশোরদী গ্রামের মন্দির—এই তিনটি মণ্ডপকে বিশেষ নজরদারির তালিকায় রাখা হয়েছে। এসব স্থানে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নজর রাখবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা শাখার তালিকা সূত্রে জানা গেছে, পৌরসভা এলাকা ছাড়াও উপজেলার লস্করদিয়া, ফুলসুতি, তালমা, ডাঙ্গী, রামনগর ও কাইচাইল ইউনিয়নের বিভিন্ন প্রান্তে মণ্ডপগুলো ছড়িয়ে রয়েছে। সমন্বয়ের সুবিধার্থে প্রতিটি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ও যোগাযোগ নম্বরসহ সার্বিক তথ্য অন্তর্ভুক্ত করে প্রশাসনকে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা শাখার সভাপতি রনদা প্রসাদ সরকার বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের আবহমান বাংলার সম্প্রীতি ও সংস্কৃতির অংশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনা নিয়ে নগরকান্দার প্রতিটি মণ্ডপে যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হয়, সে জন্য পূজা পরিচালনা কমিটির পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

এদিকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দিরগুলোতে অতিরিক্ত অর্থসহায়তা পাওয়ার প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে মন্দিরগুলোর বরাদ্দ প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি তিনি দলমত-নির্বিশেষে সবাইকে ধর্মীয় সম্প্রীতি ও সহমর্মিতা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আহ্বান জানান।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, দুর্গাপূজা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, আনসার, গ্রাম পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে থাকবে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা নজরদারি।

প্রশাসন ও পূজা উদযাপন কমিটির বিশ্বাস—সকলের সম্মিলিত সহযোগিতা ও সামাজিক সম্প্রীতির মধ্য দিয়ে নগরকান্দায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।