নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন অভিনেত্রী

অনলাইন ডেস্কঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫২ পিএম
শেয়ার করুন:
নেপালের বিপর্যয় পেরিয়ে দেশে ফিরলেন অভিনেত্রী

নেপালে আকস্মিক হড়পা বান ও ভূমিধসের মতো চরম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছিলেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মানসী পারেখ। কৈলাশ মানসরোবর তীর্থযাত্রায় গিয়ে সেখানে আটকা পড়েছিলেন তিনি। অবশেষে সব শঙ্কা ও আতঙ্ক কাটিয়ে সুস্থ-নিরাপদে নিজ দেশে ফিরেছেন এই অভিনেত্রী। 

মুম্বাই বিমানবন্দরে পৌঁছাতেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দরে আগে থেকেই মানসীর অপেক্ষায় ছিলেন তাঁর স্বামী পার্থিব গোহিল ও ছোট্ট কন্যা নির্ভী। বিমানবন্দর থেকে বেরিয়ে মেয়েকে দেখামাত্রই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মানসী। বিগত কয়েকটা দিন মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার যে দুঃসহ অভিজ্ঞতা হয়েছে, তাঁর চোখের জলেই যেন তার প্রমাণ মিলছিল।

জানা গেছে, সদগুরুর ‘ইশা ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে কৈলাশ মানসরোবর তীর্থযাত্রায় অংশ নিয়েছিলেন মানসী। কিন্তু গত ২৬ আগস্ট নেপালে শুরু হওয়া আকস্মিক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চরম অনিশ্চয়তা ও প্রাণভয়ের মধ্যে কয়েক দিন কাটে তাঁদের।

দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা তুলে ধরেন মানসী। তিনি জানান, দুর্যোগ কবলিত চীন সীমান্ত থেকে নেপালে পৌঁছানোর লড়াইটা কোনো যুদ্ধ জয়ের চেয়ে কম ছিল না। চীনের নিয়ালম শহরে বিশাল ভূমিধসের কারণে একটানা চার ঘণ্টা বাসের ভেতরই বন্দি অবস্থায় কাটাতে হয়েছিল তাঁদের। এরপর সেখান থেকে প্রায় ৪০ মাইল পাহাড়ি পথ পাড়ি দিয়ে নেপাল সীমান্তে পৌঁছান তারা। 

তবে সেখানে গিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। ভূমিধসের কারণে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় কোনো যানবাহন চলাচলের সুযোগ ছিল না। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে ধস কবলিত এলাকা পার হন এবং ওপারে থাকা অন্য একটি বাসে ওঠেন। এরপর কাঠমান্ডু পর্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ সড়কপথ পাড়ি দিয়ে অবশেষে বিমানে মুম্বাই পৌঁছান। 

ভয়াবহ এই দুর্যোগ ও মৃত্যুমুখ থেকে অক্ষত অবস্থায় নিজ পরিবার ও সন্তানের কাছে ফিরতে পেরে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।