সালথায় আগুনে ৩ দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার মালামাল রক্ষা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১৯ অক্টোবর, ২০২৬ ১১:১৪ এএম
শেয়ার করুন:
সালথায় আগুনে ৩ দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার মালামাল রক্ষা

ফরিদপুরের সালথায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।

রবিবার (১৮ অক্টোবর) বেলা ২টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি সার ও কীটনাশকের দোকান, একটি হার্ডওয়্যারের দোকান এবং একটি রাইস মিল (ধান ভাঙার কল)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাজারের দোকানগুলো বন্ধ থাকা অবস্থায় হঠাৎ একটি দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে বাজারের মসজিদের মাইক থেকে তাৎক্ষণিকভাবে আগুন লাগার খবর প্রচার করা হয়। মাইকিং শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। 

পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

সালথা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল বলেন, “খবর পেয়ে আমাদের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।