নেছারাবাদে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
১৭ অক্টোবর, ২০২৬ ৬:৫০ পিএম
শেয়ার করুন:
নেছারাবাদে ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুরের নেছারাবাদে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে খানা তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। 

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম ও যুগান্তকারী অঙ্গীকার। এ কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের দলীয় বিবেচনা, স্বজনপ্রীতি কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। প্রকৃত দুস্থ, অসহায় ও যোগ্য পরিবার যেন তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন সুযোগ না পায়, সে ব্যাপারে সংশ্লিষ্টদের শতভাগ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে সারা দেশের নির্বাচিত ১৪টি উপজেলায় এ পাইলট কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে পিরোজপুরের নেছারাবাদ অন্যতম। পর্যায়ক্রমে সারা দেশের সব যোগ্য পরিবারকে সামাজিক সুরক্ষার এ সুবিধার আওতায় আনা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৫৪ হাজার ১৭০টি খানার তথ্য সংগ্রহ করা হবে। সুষ্ঠু ও নির্ভুলভাবে এ কার্যক্রম সম্পন্ন করতে সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ দিন। 

এর আগে শনিবার দুপুর ১২টায় নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিক আহমেদের সভাপতিত্বে সভায় মাঠপর্যায়ের কার্যক্রমের বিভিন্ন কারিগরি ও কৌশলগত দিক নিয়ে আলোচনা করা হয়। 

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আশিক আহমেদ বলেন, “প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিবিড় তদারকির মাধ্যমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত ৪৫ দিনের মধ্যেই যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের কাজ শেষ করা হবে।”

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাউদ্দিন শেখ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামাল কাজী, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা।

সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত সময়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ শেষ হলে প্রকৃত অসহায় পরিবারগুলোর কাছে সরকারি সহায়তা পৌঁছানো সম্ভব হবে, যা প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তাকে আরও সুসংহত করবে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।