বোয়ালমারীতে চালের স্ক্রু খুলে দোকানে দুঃসাহসিক চুরি: সোয়া ৩ লাখ টাকার সিগারেট ও অর্থ উধাও

এম এম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
১৭ অক্টোবর, ২০২৬ ৬:৫৫ পিএম
শেয়ার করুন:
বোয়ালমারীতে চালের স্ক্রু খুলে দোকানে দুঃসাহসিক চুরি: সোয়া ৩ লাখ টাকার সিগারেট ও অর্থ উধাও

ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের থানা রোডে টিনের চালের স্ক্রু খুলে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ‘মোল্যা ফাস্টফুড কর্নার’ নামের ওই দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট ও ক্যাশে থাকা নগদ অর্থসহ ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত থেকে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকানমালিক মো. বিপ্লব মোল্যা (৩৫) বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বোয়ালমারী বাজার এলাকার মৃত মুনতাজ মোল্যার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ১০টায় দোকানে এসে বেচাকেনা শুরু করেন বিপ্লব মোল্যা। বেচাকেনা শেষে রাত সাড়ে ১০টার দিকে যথারীতি দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরে যান। পরদিন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে শাটার খুলে ভেতরে ঢুকতেই টিনের চালের স্ক্রু খোলা দেখতে পান। পরে তল্লাশি করে দেখেন, দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে রাখা নগদ ৩ হাজার ৭০০ টাকা উধাও। 

দোকানমালিকের দাবি, চোরেরা অত্যন্ত চতুরতার সাথে দোকানের টিনের চালের স্ক্রু খুলে ভেতরে প্রবেশ করে এবং আনুমানিক ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের সিগারেট ও নগদ টাকাসহ মোট ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। 

চুরির বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের ব্যবসায়ীদের ডেকে বিষয়টি দেখান। পরে এ ঘটনায় প্রতিকার চেয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এ বিষয়ে বোয়ালমারী থানার ডিউটি অফিসার মো. নাসিরুদ্দিন শনিবার বিকেলে বলেন, "দোকানে চুরির ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।