নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও গাছ থেকে পড়ে দুজনের মৃত্যু

আল-আমীন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৯ এএম
শেয়ার করুন:
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও গাছ থেকে পড়ে দুজনের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে পৃথক দুটি দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং নারিকেল গাছ থেকে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার মাটিভাঙ্গা ও সদর ইউনিয়নে এ ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন—উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বানিয়ারী গ্রামের মহর আলী শেখের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুমন শেখ (৪৪) এবং সদর ইউনিয়নের ছোট বুইচাকাঠী গ্রামের তৈয়ব আলী হাজরার ছেলে ডাব-নারিকেল ব্যবসায়ী মো. হিরু হাজরা (৩৭)।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১০টার দিকে সুমন শেখ নিজ বাড়ির গরুর খামারের বৈদ্যুতিক পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে অচেতন অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সুমন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন বলে নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান।

অন্যদিকে, উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. রাসেল শিকদার জানান, হিরু হাজরা পেশায় একজন ডাব-নারিকেল ব্যবসায়ী ছিলেন। বুধবার সকালে তিনি স্থানীয় একটি বাড়িতে নারিকেল ও ডাব পাড়তে গাছে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাকিল খান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল। স্বজনরা তাঁদের মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।