বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় সবার আগে দাঁড়িয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন:
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় সবার আগে দাঁড়িয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবার আগে জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের মাটি ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি জীবন দিয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠাকালীন ইতিহাস স্মরণ করে শামা ওবায়েদ বলেন, গত ৪৮ বছরের দীর্ঘ ইতিহাসে দেশের জনগণের ওপর কোনো বিপদ নেমে এলে কিংবা গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হলে বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় দলটির নেতাকর্মীরা অকাতরে জীবন উৎসর্গ করেছেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছর রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েও তিনি বাংলাদেশের উন্নয়ন ও উৎপাদনের শক্তিশালী ভিত্তি গড়ে দিয়ে গেছেন। কৃষি, শিল্প, কলকারখানা, প্রবাসী আয়, খাল খনন ও মৎস্যশিল্পসহ অর্থনীতিকে শক্তিশালী করার প্রতিটি ক্ষেত্রে শহীদ জিয়ার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। গত চার দশকের বেশি সময়ে দেশের যে উন্নয়ন হয়েছে, তার ভিত্তি মূলত তাঁর আমলেই রচিত হয়েছিল।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আশির দশকের স্বৈরাচারী শাসনামলে যখন গণতন্ত্র রুদ্ধ হয়েছিল, তখন বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এসে মানুষকে সংগঠিত করেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঐতিহাসিক নেতৃত্ব দেন। 

তিনি আরও বলেন, যারা আজ ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছেন, তাদের অবশ্যই মনে রাখতে হবে যে দেশের উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে বিএনপির অনন্য অবদান রয়েছে। বিএনপির হাত ধরেই এসব অর্জন অতীতে এগিয়েছে, বর্তমানেও এগোচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।

সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের পর অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনে দেশের জনগণ স্বাধীন ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। জনগণের বিপুল রায়ে এবং দুই-তৃতীয়াংশ ভোটের ব্যবধানে বিএনপি জয়লাভ করে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।

গত সরকারের আমলের দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে। বিদ্যুৎ ও গ্যাস খাতের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের অনেকেই দলের প্রধানের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে বিদেশে বসে অবৈধ অর্থ ভোগ করছেন, আর এর ফলে চরম জ্বালানি সংকটে ভুগছে সাধারণ মানুষ। তিনি অভিযোগ করেন, মাঝখানে দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারও (দেড় বছরের দায়িত্বে থাকা সরকার) জ্বালানি খাতের এই সংকট নিরসনে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি।

বর্তমান সরকারের চ্যালেঞ্জ ও সমাধানের উপায় সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যখন দেশের অর্থনীতিকে সচল করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বাংলাদেশকেও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর ফলে আমাদের প্রবাসী ভাই-বোনেরাও কষ্টে আছেন এবং সরকারকে জ্বালানি খাতের সংকট মোকাবিলা করতে হচ্ছে। তবে দেশবাসী ঐক্যবদ্ধ থাকলে, ধৈর্য ধারণ করলে এবং সততার সঙ্গে কাজ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।