বিদেশে পাঠানোর নামে ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

শফিকুল ইসলাম জনি, ফরিদপুর প্রতিনিধিঃ
১ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন:
বিদেশে পাঠানোর নামে ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিদেশে পাঠানোর কথা বলে এবং বাড়ি বিক্রির নাম করে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জাহিদ শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এসব অভিযোগের বিচার ও টাকা ফেরত পাওয়ার দাবিতে অভিযুক্তের বাড়ির সামনেই সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও ব্যক্তিরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চরযশোরদি ইউনিয়নের পৈলানপুটি গ্রামে জাহিদ শেখের বাড়ির সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ভুক্তভোগীরা জানান, অভিযুক্ত জাহিদ শেখ বর্তমানে ইতালিতে অবস্থান করছেন। তিনি বাড়িতে না থাকায় বাধ্য হয়ে তার বাড়ির সামনেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় তারা জাহিদের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগ তুলে ধরে আইনি প্রতিকার চান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিপন মীর অভিযোগ করে বলেন, জাহিদ শেখ তার কাছে একটি বাড়ি ও জমি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা নেন। পুরো টাকা নেওয়ার পরও তিনি জমি বা বাড়ির দলিল রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে ইতালিতে চলে যান। বর্তমানে তিনি টাকা ফেরত দিচ্ছেন না কিংবা চুক্তি অনুযায়ী সম্পত্তির মালিকানাও বুঝিয়ে দিচ্ছেন না। 

এসংক্রান্ত লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বাড়ি ও পাকা ভবনসহ ওই সম্পত্তির দাম ৩৫ লাখ টাকা নির্ধারণ করে জাহিদ নগদ টাকা নেন এবং এ বিষয়ে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিও করেন। কিন্তু পরবর্তীতে কোনো সম্পত্তি বুঝিয়ে না দিয়েই তিনি বিদেশে পাড়ি জমান।

অপরদিকে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া গ্রামের বাসিন্দা নাসিম মল্লিক অভিযোগ করেন, তাকে ইতালি নেওয়ার কথা বলে জাহিদ শেখ ১০ লাখ টাকা নেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহানায় কালক্ষেপণ করলেও তাকে আর বিদেশে পাঠানো হয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে তা না দিয়েই জাহিদ বিদেশে চলে যান বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, বিদেশে পাঠানোর নামে প্রলোভন দেখিয়ে জাহিদ তাদের কাছ থেকেও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় তারা চরম আর্থিক সংকটে ও মানবেতর জীবনযাপন করছেন। 

সংবাদ সম্মেলন শেষে ভুক্তভোগীরা অভিযুক্তের বাড়ির সামনে একটি প্রতিবাদী ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের সঙ্গে ঘটে যাওয়া প্রতারণার সঠিক বিচার এবং পাওনা টাকা বা সম্পত্তি ফেরত না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ বিষয়ে অভিযুক্ত জাহিদ শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীদের সঙ্গে আর্থিক লেনদেনের কথা স্বীকার করেন। তবে প্রতারণার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, “তাদের সঙ্গে আমার লেনদেন রয়েছে। তবে টাকা পরিশোধের জন্য আমি সময় চেয়েছি এবং কিছু টাকা ইতোমধ্যে পরিশোধও করেছি। কিন্তু তারা আমাকে সময় না দিয়ে উল্টো আমার বাড়ি দখলের পাঁয়তারা চালাচ্ছে।”

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, বিষয়টি তারা শুনেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।