মধুমতির বুকে দিনভর উচ্ছ্বাস: আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির ট্রলার ভ্রমণে মিলনমেলা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
৩০ আগস্ট, ২০২৬ ১০:৪০ এএম
শেয়ার করুন:
মধুমতির বুকে দিনভর উচ্ছ্বাস: আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির ট্রলার ভ্রমণে মিলনমেলা

মধুমতি নদীর বুকে রূপালি ঢেউয়ের দোলা আর দু’কূলের সবুজের সমারোহ। নদীতে ভেসে চলা ট্রলার থেকে ভেসে আসছে সুরের মূর্ছনা, কবিতার ছন্দ আর হাসি-ঠাট্টার কলরব। দৈনন্দিন রাজনৈতিক ব্যস্ততা ও ক্লান্তি ভুলে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অনন্য সৌহার্দ্য ও আনন্দের উৎসবে মেতেছিলেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৯ আগস্ট) আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মধুমতি নদীতে দিনব্যাপী এক বর্ণাঢ্য ট্রলার ভ্রমণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। 

আয়োজক সূত্রে জানা যায়, সকালে আলফাডাঙ্গার দিকনগর এলাকা থেকে নেতাকর্মীদের নিয়ে ট্রলারটি মধুখালীর উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রলার ছাড়ার পর থেকেই শুরু হয় উৎসবের আমেজ। যাত্রাপথে কেউ গানে সুর তোলেন, কেউ করেন কবিতা আবৃত্তি, আবার কেউ রম্য গল্প ও কৌতুক বলে মাতিয়ে রাখেন সবাইকে। 

দিনব্যাপী এ আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চমকপ্রদ লটারি পর্ব। এছাড়া যাত্রা বিরতিতে নদীর তীরে ফুটবল খেলায় মেতে ওঠেন নেতাকর্মীরা। অনেকেই আবার মধুমতির স্বচ্ছ জলে নেমে সাঁতার ও গোসল করে আনন্দ উপভোগ করেন। সব মিলিয়ে নদীর বুকে দিনভর সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।

আয়োজক নেতৃবৃন্দ জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নেতাকর্মীদের পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক সম্প্রীতি আরও জোরদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীদের পাশাপাশি নবীন নেতাকর্মীরাও এতে অংশ নিয়ে পরস্পরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন।

আনন্দঘন এ ট্রলার ভ্রমণে উপস্থিত ছিলেন— আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মো. নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. আহম্মদ আলী শিকদার এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। 

এ ছাড়া আরও অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্যা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি আমিনুর ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দিনশেষে গোধূলিলগ্নে ট্রলারটি যখন দিকনগরে ফিরে আসে, তখনও নেতাকর্মীদের মাঝে ছিল আনন্দের উচ্ছ্বাস। গান, আড্ডা ও স্মৃতিময় নানা আয়োজনের মধ্য দিয়ে সন্ধ্যায় শেষ হয় এ স্মরণীয় ট্রলার ভ্রমণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।