বাসার ময়লা সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের চুক্তি বাতিল: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্কঃ
Mar 4, 2026 - 21:01
বাসার ময়লা সংগ্রহে ১০০ টাকার বেশি নিলে ঠিকাদারের চুক্তি বাতিল: ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য নির্ধারিত ১০০ টাকার বেশি ফি আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে সরাসরি ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।

বুধবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর লালবাগের শহিদনগর শ্মশানঘাট এলাকায় মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও 'ক্রাশ প্রোগ্রাম' পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক এক জনকল্যাণমূলক ঘোষণা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএসসিসি এলাকার কবরস্থানে লাশ দাফন এবং শ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়ার নিবন্ধন ফি ১০০০ টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মো. আবদুস সালাম বলেন, "ঢাকা বাংলাদেশের দর্পণ। বিদেশ থেকে কেউ এলে ঢাকা দেখেই পুরো দেশ সম্পর্কে ধারণা পান। তাই ঢাকাকে সুন্দর রাখা আমাদের সবার দায়িত্ব।" বিশেষ করে পুরান ঢাকাকে দক্ষিণ সিটির সবচেয়ে উন্নত ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য জানিয়ে তিনি বলেন, নিয়মিত বর্জ্য অপসারণ, মশা নিয়ন্ত্রণ এবং সড়ক বাতি নিশ্চিত করতে সিটি করপোরেশন নিরলস কাজ করে যাচ্ছে।

বিগত দিনের ক্ষতিগ্রস্ত ও জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিষয়ে প্রশাসক বলেন, গত ১৭ বছরে রাজনৈতিক ও সামাজিকভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন কিংবা কর্ম হারিয়েছেন, তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের মতো অন্যান্য ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ জন কর্মী অংশ নেন। তারা খালের ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করার পাশাপাশি মশার ওষুধ প্রয়োগ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। এছাড়া ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবিরসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow