যুবলীগের কমিটিতে ‘ধর্ম সম্পাদক’ পদ! অস্বীকার করে ইসলামী আন্দোলন নেতার সংবাদ সম্মেলন

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২০ অক্টোবর, ২০২৬ ৬:৫৪ পিএম
শেয়ার করুন:
যুবলীগের কমিটিতে ‘ধর্ম সম্পাদক’ পদ! অস্বীকার করে ইসলামী আন্দোলন নেতার সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সদ্য ঘোষিত কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে নাম অন্তর্ভুক্তির বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতা। তিনি দলটির যদুনন্দী ইউনিয়ন শাখার সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম। যুবলীগের সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সালথা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস এম মঞ্জুরুল ইসলাম বলেন, সম্প্রতি ঘোষিত সালথা উপজেলা যুবলীগের কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদক পদে তাঁর নাম উল্লেখ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে ওই পদ তিনি গ্রহণ করেননি এবং এ বিষয়ে কারও সঙ্গে তাঁর কোনো আলোচনাও হয়নি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি কখনোই জড়িত ছিলেন না। 

তিনি আরও জানান, তিনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং ভবিষ্যতেও এ দলের আদর্শেই অবিচল থাকবেন। যুবলীগের কমিটিতে তাঁর নাম আসার পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে কিংবা এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই মূলত নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

এ সময় তিনি বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানার জন্য ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু ও যুগ্ম আহ্বায়ক খান মো. শাহ সুলতান রাহাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পলাতক থাকায় তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।