সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
২০ অক্টোবর, ২০২৬ ২:২৯ পিএম
শেয়ার করুন:
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, ঐক্যবদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “সব ধর্মের মানুষের সম্মিলিত ত্যাগে এ দেশ স্বাধীন হয়েছে। ঠিক একইভাবে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজেও অংশ নিতে হবে।”

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় প্রধানমন্ত্রী বলেন, “১২ তারিখের নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ দেশ পরিচালনার পবিত্র দায়িত্ব অর্পণ করেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারের প্রধান লক্ষ্য সমাজের শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। প্রতিটি শ্রেণির মানুষের মৌলিক চাহিদা ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে বহুমুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, কৃষকদের সহায়তা দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’। এ ছাড়া ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ইমাম, মুয়াজ্জিন এবং সমাজের গুরুজনদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শারদীয় দুর্গাপূজার আবহ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি এক মহা আনন্দের উৎসব। ধর্ম যার যার হলেও দেশটা আমাদের সবার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই এই মাটির সন্তান এবং সমান নাগরিক।” 

তিনি আরও যোগ করেন, স্বাধীনতার মূল চেতনা ছিল একতা। তাই দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সমৃদ্ধ দেশ উপহার দিতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মিলিত পরিশ্রমের কোনো বিকল্প নেই।

সব ধর্মের মানুষের সক্রিয় অংশগ্রহণে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।