দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

অনলাইন ডেস্কঃ
২ সেপ্টেম্বর, ২০২৬ ৬:১২ পিএম
শেয়ার করুন:
দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে প্রায় দুই লাখ কর্মী নেওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছিল, তা সরাসরি নাকচ করে দিয়েছে মালয়েশিয়া সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল এ তথ্য নিশ্চিত করেন।

ফাহমি ফাদজিল জানান, কর্মী নেওয়ার বিষয়টি কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। তিনি বলেন, “বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী কর্মী নেওয়ার বিষয়ে দাবি করেছেন। এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়। এ বিষয়ে আমি আমাদের মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমাকে জানানো হয়েছে, এটি মূলত একজন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য।”

এর আগে মঙ্গলবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছিলেন, চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে পর্যায়ক্রমে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং আগামী ছয় মাসে প্রায় দুই লাখ কর্মী সেখানে যাবেন। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানিয়েছিলেন। 

মিয়ানমারের শরণার্থী প্রত্যাবাসন প্রসঙ্গ: 
একই সংবাদ সম্মেলনে মিয়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসন বিষয়েও কথা বলেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী। শরণার্থীদের জন্য মিয়ানমার এখনো অনিরাপদ বলে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) যে উদ্বেগ প্রকাশ করেছে, তার প্রেক্ষিতে ফাহমি ফাদজিল জানান, স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির প্রথম ধাপে ১ হাজার ৪৭৬ জন শরণার্থী নথিতে স্বাক্ষর করে স্বেচ্ছায় ফিরে যাওয়ার সম্মতি দিয়েছেন।

তিনি আরও বলেন, অভিবাসন বিভাগের হেফাজতে থাকা মিয়ানমারের ১০ হাজারের বেশি শরণার্থীর মধ্য থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫ হাজার জনকে বাছাই করে তালিকা পাঠালে মিয়ানমার সরকার ১ হাজার ৪৭৬ জনকে ফেরত নিতে রাজি হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে তিনি আশ্বস্ত করেন যে, মিয়ানমারে ফেরত যাওয়া এই শরণার্থীরা সম্পূর্ণ নিরাপদ থাকবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।