ফরিদপুরে ক্যাব নেতার অবৈধ হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৩২ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ক্যাব নেতার অবৈধ হাসপাতাল সিলগালা, ১৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোনো ধরনের অনুমোদন ছাড়া অবৈধভাবে পরিচালিত ‘আজকের সারাদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি ক্লিনিক সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অপচিকিৎসা ও অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংগঠন ‘ক্যাব’-এর ফরিদপুর জেলা শাখার বিতর্কিত সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ এই ক্লিনিকের অন্যতম উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদিরদী বাজারে বোয়ালমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ধরনের বৈধ কাগজপত্র বা লাইসেন্স ছাড়াই প্রায় এক বছর আগে সৈয়দ নাজমুল আলম পারভেজ ও আতিয়ার রহমান নামে অপর এক ব্যক্তি কাদিরদী বাজারে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠার পর থেকেই ক্লিনিকটিতে নানা অনিয়ম, অব্যবস্থাপনা এবং সাধারণ রোগীদের ভুল চিকিৎসা দেওয়ার গুরুতর অভিযোগ উঠতে থাকে। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়। সম্প্রতি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নজরে আসে।

এরই ধারাবাহিকতায় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। অভিযানকালে ক্লিনিক কর্তৃপক্ষ বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এছাড়া চিকিৎসার নামে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, স্বাস্থ্যসেবার নামে অবৈধ ও অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠানকে অপচিকিৎসা চালাতে দেওয়া হবে না। অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাব নেতা পরিচয় দেওয়া সৈয়দ নাজমুল আলম পারভেজের বিরুদ্ধে চেক প্রতারণাসহ অর্থ আত্মসাতের একাধিক মামলা রয়েছে। ইতিপূর্বে একাধিক মামলায় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি কারাভোগও করেছেন। এছাড়া সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বর্তমানেও আদালতে তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।