সংসদ হবে জনগণের প্রত্যাশা পূরণের মূল কেন্দ্র: ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্কঃ
১৭ জুলাই, ২০২৬ ৬:৪২ পিএম
শেয়ার করুন:
সংসদ হবে জনগণের প্রত্যাশা পূরণের মূল কেন্দ্র: ডেপুটি স্পিকার

২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর গঠিত বর্তমান জাতীয় সংসদের প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব, মতপ্রকাশ ও গণতান্ত্রিক চর্চার সুযোগ আরও বিস্তৃত হওয়ায় এই সংসদ জনগণের প্রকৃত আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে এক ব্যক্তিগত সফরে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, অতীতের বিভিন্ন নির্বাচিত সংসদ নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন, বিতর্ক ও সমালোচনা থাকলেও বর্তমান সংসদে জনগণের অধিকার ও দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার দারুণ সুযোগ তৈরি হয়েছে। জাতীয় সংসদ এখন জনগণের রাজনীতি চর্চার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী দিনে বাংলাদেশ পরিচালনায় এই সংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গঠনমূলক দিকনির্দেশনা দেবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারি ও বিরোধী দল—উভয়ের ইতিবাচক অংশগ্রহণে এবং দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সংসদকে আরও ফলপ্রসূ করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যাঁরা জীবন উৎসর্গ করেছেন এবং আত্মত্যাগ করেছেন, তাঁদের সেই স্বপ্নের সঠিক প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই সংসদ কাজ করে যাচ্ছে।

এর আগে বরিশাল ও ফরিদপুর সফরের অংশ হিসেবে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভাঙ্গায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল, ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।