নগরকান্দায় মোবাইল কোর্টে জব্দ অবৈধ চায়না দুয়ারি জাল, আগুনে পুড়িয়ে ধ্বংস

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
১৪ জুলাই, ২০২৬ ৮:৪০ পিএম
শেয়ার করুন:
নগরকান্দায় মোবাইল কোর্টে জব্দ অবৈধ চায়না দুয়ারি জাল, আগুনে পুড়িয়ে ধ্বংস

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন স্থান থেকে জব্দ করা অবৈধ চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বিভিন্ন নদী ও জলাশয়ে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ জাল অপসারণ, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নিষিদ্ধ জাল ব্যবহার কিংবা অবৈধভাবে মাছ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার বলেন, "দেশীয় মাছ রক্ষা করি, টেকসই মৎস্য সম্পদ গড়ে তুলি"—এই প্রতিপাদ্য বাস্তবায়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তিনি জেলেদের আইন মেনে মাছ আহরণের পাশাপাশি সচেতন হওয়ার আহ্বান জানান।

অভিযান চলাকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা অবৈধ চায়না দুয়ারি জাল আনুষ্ঠানিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।