এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
ঢাকার আশুলিয়ায় একটি জুয়ার আসরে ঝটিকা অভিযান চালিয়ে ৭ পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার (১ জুন) রাত ১১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বগাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। ওই এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর পরিচালিত হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে নজরদারি বাড়ায় ডিবি পুলিশ। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রিপন বিশ্বাস (২৯), মানিক হোসেন (৬৫), আলমাস (৪০), জাহিদুল ইসলাম (৩২), আরিফ (৩৩), সোহেল রানা (২৪) ও ইয়াদ আলী (৬৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল (৫২টি) তাস এবং নগদ ২ হাজার ৫৫০ টাকা আলামত হিসেবে জব্দ করে পুলিশ।
এ বিষয়ে পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। সমাজে অপরাধ প্রবণতা কমানো এবং অবৈধ জুয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে গোয়েন্দা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।