রাজধানীতে ঈদের কেনাকাটা শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের
ঈদের আনন্দ রূপ নিল বিষাদে। কেনাকাটা শেষে গভীর রাতে বাড়ি ফেরার পথে রাজধানীর সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) রাতে এই দুর্ঘটনা দুটি ঘটে।
সায়েন্সল্যাব এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন এবং তার ২১ বছর বয়সী মেয়ে তৃষা। অন্যদিকে তেজগাঁও এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় মারা গেছেন যাত্রী মো. হারুনুর রহমান (৩২) ও অটোরিকশাচালক মো. আলিম (৬৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে সায়েন্সল্যাব মোড়ে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেল আরোহী সাজু আহমেদ সুমন তার মেয়ে তৃষাকে নিয়ে ঈদের কেনাকাটা শেষে বাসায় ফিরছিলেন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই বাবা সাজু আহমেদ প্রাণ হারান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেয়ে তৃষাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, ঘাতক ট্রাক ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
একই রাতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তার মোড়ে ঘটে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা। জানা যায়, মো. হারুনুর রহমান তার পরিবার নিয়ে ঈদের কেনাকাটা শেষে সিএনজিচালিত একটি অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। সাতরাস্তার মোড়ে ইউটার্ন নেওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যাত্রী হারুনুর রহমান এবং চালক মো. আলিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হারুনুর রহমানের স্ত্রী ও তার বোন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাগুলোর তদন্ত করছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ