মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয়: সর্বমিত্র চাকমা

অনলাইন ডেস্কঃ
Mar 7, 2026 - 11:18
মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয়: সর্বমিত্র চাকমা

একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বা এর বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তাঁর মতে, একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা প্রকারান্তরে নিজেদের গৌরবময় ইতিহাসকেই অস্বীকার করার শামিল।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে সর্বমিত্র চাকমা সুস্পষ্টভাবে উল্লেখ করেন, ‘একাত্তরকে পাশ কাটিয়ে বাংলাদেশের রাজনীতি করার চেষ্টা ইতিহাসকে অস্বীকার করা। মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধের বিপরীতে নতুন কোনো রাজনৈতিক বয়ান দাঁড় করানো যায় না।’

ইতিহাসের নির্মোহ ও বস্তুনিষ্ঠ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে ডাকসুর এই ছাত্রনেতা লেখেন, ‘শেখ মুজিবুর রহমানের সমালোচনা করতে হবে, বাকশাল নিয়ে হাজারটা প্রশ্ন তোলা যাবে, রক্ষীবাহিনীর তাণ্ডব নিয়ে কথা বলতে হবে। তবে একই সাথে ৭ মার্চের ভাষণকেও স্বীকার করে নিতে হবে।’

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, ‘সেই ভাষণ শুধু একজন নেতার একক কোনো বক্তব্য ছিল না। এটি ছিল তৎকালীন রেসকোর্স ময়দানে জড়ো হওয়া লক্ষ মানুষের জমে থাকা ক্ষোভ, দীর্ঘদিনের বঞ্চনা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার এক সম্মিলিত উচ্চারণ।’ তিনি মনে করেন, একাত্তরের প্রতিটি বাঁকই বাঙালি জাতির জন্য অবিস্মরণীয় এবং তা সযত্নে স্মরণ করতে হবে।

স্ট্যাটাসের শেষাংশে মহান মুক্তিযুদ্ধকে যেকোনো প্রকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখার আহ্বান জানান সর্বমিত্র। তিনি দৃপ্তকণ্ঠে লেখেন, ‘বাকশাল নিপাত যাক, একাত্তর দালালের হাত থেকে মুক্তি পাক। রাজনৈতিক হাতিয়ার নয়, একাত্তর হোক গণমানুষের!’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow