এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাঁশ আর সুতার নিপুণ বুননে মাছ ধরার ফাঁদ ‘ধুয়াড়ি’ তৈরি করে জীবিকা নির্বাহ করছেন মাগুরার মহম্মদপুর উপজেলার তেলিপুকুর গ্রামের শতাধিক পরিবারের নারী-পুরুষ। বর্ষা মৌসুমকে ঘিরে চারদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ধুয়াড়ির চাহিদাও বৃদ্ধি পেয়েছে। ফলে এখন দম ফেলারও ফুরসত নেই এখানকার কারিগরদের।
স্থানীয় কারিগররা জানান, বছরের একটি নির্দিষ্ট সময়ে গ্রামজুড়ে শুরু হয় ধুয়াড়ি তৈরির এই কর্মযজ্ঞ। প্রথমে বাঁশ কেটে অত্যন্ত নিখুঁতভাবে সরু শলাকা তৈরি করা হয়। এরপর বিশেষ কৌশলে তা বুনে তৈরি করা হয় ধুয়াড়ির মূল কাঠামো। সবশেষে সুতা ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সংমিশ্রণে এটিকে চূড়ান্ত রূপ দেওয়া হয়।
সংসারের নিত্যদিনের কাজের পাশাপাশি ধুয়াড়ি তৈরির মাধ্যমে স্থানীয় নারীরাও বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। তেলিপুকুর গ্রামে তৈরি এসব ধুয়াড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে মাগুরাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলার পাইকারদের কাছে সরবরাহ করা হচ্ছে। বর্তমানে পাইকারি বাজারে আকারভেদে প্রতিটি ধুয়াড়ি ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে এই ঐতিহ্যবাহী শিল্পে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বাজারে সহজলভ্য সিন্থেটিক বা ‘চীনা ধুয়াড়ি’। কারিগরদের অভিযোগ, চীনা ফাঁদের দাপটে বাঁশের তৈরি দেশীয় ধুয়াড়ির বাজার দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। ফলে পূর্বপুরুষের এই ঐতিহ্যবাহী কুটিরশিল্প টিকিয়ে রাখতে তারা বাজার সম্প্রসারণ এবং সরকারি প্রণোদনা ও সহায়তার দাবি জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ এই শিল্পে আরও অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রব বলেন, “তেলিপুকুর গ্রামে বাঁশ দিয়ে মাছ ধরার ধুয়াড়ি তৈরি একটি সম্ভাবনাময় কুটিরশিল্প। এর সঙ্গে প্রায় শতাধিক পরিবার জড়িত। কারিগররা যদি সরকারি সহায়তার জন্য দাপ্তরিকভাবে আবেদন করেন, তবে তাদের এ শিল্পকে টিকিয়ে রাখতে ও এগিয়ে নিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ক্রিকেট | ২ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।