সালথায় নিজস্ব অর্থায়নে পূজামণ্ডপের রাস্তা করলেন যুবদল নেতা, সম্প্রীতির প্রশংসায় স্থানীয়রা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
২০ অক্টোবর, ২০২৬ ৭:০১ পিএম
শেয়ার করুন:
সালথায় নিজস্ব অর্থায়নে পূজামণ্ডপের রাস্তা করলেন যুবদল নেতা, সম্প্রীতির প্রশংসায় স্থানীয়রা

ফরিদপুরের সালথায় সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে পূজামণ্ডপে যাতায়াতের সুবিধার্থে ব্যক্তিগত অর্থায়নে ১৫০ ফুট ইটের রাস্তা নির্মাণ করে দিয়েছেন সদ্য ঘোষিত উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন। ধর্মীয় সম্প্রীতি ও জনকল্যাণমূলক এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ ও পূজারিরা। এ নিয়ে পুরো এলাকায় প্রশংসায় ভাসছেন এই যুবদল নেতা। 

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামে সরেজমিনে গিয়ে নতুন নির্মিত এ ইটের রাস্তাটি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, তুগোলদিয়া গ্রামের স্থানীয় মন্দিরে যাতায়াতের একমাত্র কাঁচা পথটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই সেখানে কাদা-পানি জমে একাকার হয়ে যেত। চরম দুর্ভোগ সহ্য করে গ্রামবাসী ও পূজারিদের মন্দিরে যাতায়াত করতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল তো দূরের কথা, হেঁটে চলাই প্রায় অসম্ভব হয়ে পড়ত। সনাতন ধর্মাবলম্বীদের এই দীর্ঘদিনের সমস্যার কথা জানতে পেরে যুবদল নেতা মো. এনায়েত হোসেন নিজ খরচে সেখানে ১৫০ ফুট ইটের সলিংয়ের রাস্তা নির্মাণ করে দেন। এতে শুধু পূজারিদের ভোগান্তিই দূর হয়নি, একই সঙ্গে স্থানীয় কৃষকদের কৃষিপণ্য আনা-নেওয়ার পথও সহজ হয়েছে।

এ বিষয়ে তুগোলদিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু মালো সন্তোষ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে মন্দিরে যাতায়াতের রাস্তাটি নিয়ে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে কাদার কারণে মন্দিরে যাওয়াই ছিল একপ্রকার যুদ্ধ। এনায়েত হোসেন নিজ অর্থায়নে রাস্তাটি করে দেওয়ায় আমরা দারুণ আনন্দিত ও কৃতজ্ঞ। তাঁর এই সহযোগিতা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।”

কমিটির সাধারণ সম্পাদক তপন দাস বলেন, “রাস্তাটি ছিল আমাদের দীর্ঘদিনের সংকট। যুবদল নেতা এনায়েত হোসেন বিষয়টি জানার পরপরই নিজ উদ্যোগে রাস্তাটি তৈরি করে দিয়েছেন। এতে পূজারিদের পাশাপাশি গ্রামের সাধারণ মানুষও নিত্যদিনের চলাচলে উপকৃত হচ্ছেন। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে মানুষের প্রয়োজনে এভাবে পাশে দাঁড়ানোর উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

উদ্যোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্যসচিব মো. এনায়েত হোসেন বলেন, “ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া একটি জনবহুল এলাকা এবং এখানে উল্লেখযোগ্য সংখ্যক সনাতন ধর্মাবলম্বী বসবাস করেন। তাঁরা যেন নিরাপদে ও কোনো ভোগান্তি ছাড়াই পূজা উদযাপন করতে পারেন, মূলত সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই রাস্তাটি নির্মাণের সিদ্ধান্ত নিই। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও যোগ করেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই গ্রামীণ জনপদের কোনো উন্নয়ন হয়নি, যার কারণে মন্দিরমুখী এই পথ দিয়ে সাধারণ কৃষক ও স্থানীয়রা দীর্ঘদিন ভোগান্তি পোহাচ্ছিলেন। মানুষের সেই দুর্ভোগ লাঘব করতেই আমি ব্যক্তিগত অর্থায়নে দ্রুততম সময়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দিয়েছি।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।