ম্যাচের সর্বনাশ করেছেন রেফারি, বলছেন রিয়াল কোচ

অনলাইন ডেস্কঃ
Apr 16, 2026 - 11:25
ম্যাচের সর্বনাশ করেছেন রেফারি, বলছেন রিয়াল কোচ

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে রিয়ালের এই হারের চেয়েও ফুটবল বিশ্বে এখন বেশি আলোচনা হচ্ছে রেফারি স্লাভকো ভিনচিচের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে। রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়ার অভিযোগ— অকারণে লাল কার্ড দেখিয়ে রেফারি পুরো ম্যাচটাই নষ্ট করে দিয়েছেন।

কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে বায়ার্নের মাঠে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানের জয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক বায়ার্ন। অথচ ম্যাচের শুরুটা রিয়ালের জন্যই দুর্দান্ত ছিল। প্রথম মিনিটেই বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন আর্দা গুলের। এরপর ২৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন তিনি। 

তবে রিয়ালের এই লিড ধরে রাখতে দেয়নি বায়ার্ন। আলেক্সান্ডার পাভলোভিচ, হ্যারি কেইন, লুইস দিয়াজ এবং মাইকেল ওলিসের দারুণ সব গোলে দুর্দান্ত কামব্যাক করে ৪-৩ ব্যবধানের জয় নিশ্চিত করে জার্মান ক্লাবটি।

ম্যাচের আসল নাটকীয়তা ও বিতর্কের জন্ম হয় শেষ ভাগে এসে। ৬২ মিনিটে ব্রাহিম দিয়াজের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গা। ৭৯ মিনিটে বায়ার্নের জামাল মুসিয়ালার জার্সি টেনে ধরে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি। এরপর ৮৬ মিনিটে হ্যারি কেইনকে ফাউল করার পর বল ধরে রেখে খেলা পুনরায় শুরু করতে দেরি করায় তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখান রেফারি ভিনচিচ। ফলে বাধ্য হয়েই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

কামাভিঙ্গাকে দেওয়া রেফারির এই সিদ্ধান্ত কোনোভাবেই মানতে পারছে না রিয়াল মাদ্রিদ। টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল কোচ আরবেলোয়া চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের একটি ম্যাচে একজন ফুটবলারকে এভাবে লাল কার্ড দেখানো সত্যিই অবিশ্বাস্য। আমরা ভীষণ হতাশ এবং ক্ষুব্ধ। রেফারিই ম্যাচের সর্বনাশ করেছেন।’

ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমার মনে হয় রেফারি হয়তো ভুলেই গিয়েছিলেন যে কামাভিঙ্গার আগে থেকে একটি হলুদ কার্ড ছিল! এত সুন্দরভাবে শুরু হওয়া একটি নকআউট ম্যাচ, যা আমাদের পুরো মৌসুমের ভাগ্য নির্ধারণী ছিল— তা এভাবেই শেষ হয়ে গেল।’

এদিকে সতীর্থ কামাভিঙ্গাকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তকে স্রেফ ‘রসিকতা’ বলে আখ্যা দিয়েছেন রিয়াল মিডফিল্ডার জুড বেলিংহাম। রেফারির এমন সিদ্ধান্তের কড়া প্রতিবাদ করতে গিয়ে ভর্ৎসনা করেন জোড়া গোল করা আর্দা গুলেরও। ফলস্বরূপ তাঁকেও লাল কার্ড দেখান রেফারি। যার ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের প্রথম ম্যাচে মাঠে নামা হচ্ছে না এই তুর্কি তরুণের। 

সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ফুটবলে রেফারিং নিয়ে যে প্রশ্ন উঠছে, রিয়াল-বায়ার্ন ম্যাচের এই ঘটনা সেই বিতর্ককে যেন আরও উসকে দিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow