বিশেষ ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরলেন ৩৭৮ বাংলাদেশি

অনলাইন ডেস্কঃ
Mar 5, 2026 - 11:16
বিশেষ ফ্লাইটে দুবাই থেকে দেশে ফিরলেন ৩৭৮ বাংলাদেশি

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে থমথমে পুরো মধ্যপ্রাচ্য। একের পর এক বিমান, ড্রোন ও মিসাইল হামলার কারণে ওই অঞ্চলে বিমান চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমন চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ৩৭৮ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে এনেছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

বৃহস্পতিবার সকালে বড় ঝুঁকি নিয়ে দুবাই থেকে প্রবাসীদের নিয়ে দেশের মাটিতে পা রাখে ফ্লাইটটি। সকাল সোয়া ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের ‘বিএস-৩৪২’ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। দীর্ঘ উদ্বেগ আর উৎকণ্ঠার পর প্রিয়জনদের অক্ষত অবস্থায় কাছে পেয়ে বিমানবন্দরে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

দুবাই থেকে ফেরা যাত্রী সুমাইয়া আক্তার স্বস্তির নিশ্বাস ফেলে বলেন, ‘সেখানকার পরিস্থিতি বলে বোঝানোর মতো নয়। কেবলই অপেক্ষায় ছিলাম কখন দেশে ফিরব। ইউএস-বাংলার কল্যাণে দেশে ফিরতে পেরে এখন মনভরে শ্বাস নিচ্ছি। সেখানে বাঁচতে পারতাম কি না, সেই নিশ্চয়তাটুকুও ছিল না।’

অন্য যাত্রীরা জানান, দুবাই বিমানবন্দরে সব ফ্লাইট বন্ধ থাকায় এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি বাংলাদেশ বিমানের উড়োজাহাজও সেখানে আটকে রয়েছে। এমন চরম ঝুঁকির মাঝে তাঁদের উদ্ধার করায় ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

গত ১৮ বছর ধরে দুবাইয়ে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন ঢাকার কেরানীগঞ্জের আকরাম হোসেন। দেশে ফিরে তিনি তাঁর ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, ‘আমাদের পাশের বিমানবন্দরেই মিসাইল হামলা হয়েছে। সব ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় আমরা ভীষণ আতঙ্কে দিন কাটাচ্ছিলাম। অজানা এক ভয় সারাক্ষণ তাড়া করত, মনে হতো এই বুঝি জীবনটা চলে গেল।’

বিমানবন্দরে আকরামকে নিতে এসেছিলেন তাঁর ৭০ বছর বয়সী মা আজিমুন নাহার। ৫০ বছর বয়সী ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। ছেলেকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত মা বলেন, ‘আমার বুকের ধন, আমার দুনিয়া আমার কাছে ফিরে এসেছে—আমার আর কিছুই চাই না। যুদ্ধের খবর শোনার পর থেকে দুশ্চিন্তায় আমার রাতে ঘুম হতো না।’

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে তারা ৪৩৬ আসনের এয়ারবাস ‘এ৩৩০-৩০০’ উড়োজাহাজ দিয়ে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এর প্রথমটি আজ সকালে ঢাকায় পৌঁছেছে। দ্বিতীয় ফ্লাইটটি আজ বিকেল সোয়া ৫টায় ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে এবং স্থানীয় সময় রাত ১০টায় সেটি দুবাই থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কথা রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুবাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ ইউএস-বাংলাকে এই বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে।

টিকিট বুকিং-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলার যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিমান সংস্থাটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow